হজ্ব নিয়ে কটূক্তিকারী সেই কথিত পীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত

ইসলাম টাইমস ডেস্ক: হ্জ নিয়ে কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কিশোরগঞ্জের ভৈরবের গুলে মদিনা দরবার শরীফের পরিচালক কথিত পীর আবুল বাশারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গত ১২ জানুয়ারি ভৈরব থানায় মামলা দায়েরের পর কথিত পীর হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। রোববার তার জামিনের মেয়াদ শেষ হয়।

রোববার কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক মো. হাবিব উল্লাহ তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

জানা গেছে, কথিত পীর আবুল বাশার পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার একটি ওয়াজ মাহফিলে ওমরাহ হজ নিয়ে কটূক্তি করেন। এ ছাড়া ওই ওয়াজ মাহফিলে দেয়া আল্লাহ ও নবী রাসূলকে (সা.) নিয়ে এ রকম অসংখ্য বিকৃত ও জঘন্য বক্তব্য সংবলিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ও অনলাইনে ছড়িয়ে পড়ে।

এতে সংক্ষুব্ধ হয়ে ভৈরবপুর উত্তরপাড়া গ্রামের মৃত এএফএফ আবদুল্লাহ অ্যাডভোকেটের ছেলে কিশোরগঞ্জ জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম ১২ জানুয়ারি ভৈরব থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

সোশ্যাল মিডিয়া ও অনলাইনে এ ঘটনা ভাইরাল হলে ভৈরব ও কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের ধর্মপ্রাণ মুসল্লিরা ক্ষোভে ফেটে পড়েন। তারা ওই কথিত পীরের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সভা-সমাবেশসহ লাগাতার কর্মসূচি পালন করতে থাকে।

এ পরিস্থিতিতে কথিত পীর আবুল বাশার গ্রেফতার এড়াতে এলাকা ত্যাগ করে হাইকোর্টে গিয়ে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত হন।

এ মামলায় আসামিপক্ষে ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ ফেরদৌস। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন

পূর্ববর্তি সংবাদমোদির হুঙ্কার: চাপের মুখে সিএএ চালু করা থেকে পিছিয়ে পড়ব না
পরবর্তি সংবাদসিএএ নিয়ে আলোচনার দরজা খোলা বললেও শাহিনবাগের মিছিলকারীদের ফিরিয়ে দিলেন অমিত শাহ