ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মিলিত উদ্যোগে এই শত্রুকে আমরা পরাজিত করবো।’
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর আজ শুক্রবার (২০ মার্চ) তিনি এসব কথা বলেন।
ওবয়দুল কাদের বলেন, ‘দেশ করোনার ঝুঁকিতে থাকলেও আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি। করোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারবো তা নিশ্চিত করে বলা যায় না।’
তিনটি উপনির্বাচন পেছাতে বিএনপির দাবির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘তারা সবকিছুতেই রাজনীতি খুঁজে বেড়ান। নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। নির্বাচন করা বা পেছানোটা ইসির বিষয়, এখানে সরকার মাথা ঘামায় না। মির্জা ফখরুলের আবেদন ইসি গ্রাহ্য করবে কিনা সেটা একান্তই ইসির বিষয়।’
বিরোধী দলের ওপর নির্যাতনের অভিযোগের জবাবে তিনি বলেন, ‘তারা অন্ধকারে ঢিল ছুড়ছেন যে নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে। তাদের এ ঢালাও অভিযোগ করাটা পুরাতন অভ্যাস। কোথায় নির্যাতন হচ্ছে তারা প্রমাণ নিয়ে আসুক।’
এসময় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রশংসা করেন ওবায়দুল কাদের।
















