সিলেটে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, বাধা দিতে গিয়ে মা জখম

ইসলাম টাইমস ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গাছ কাটতে নিষেধ করায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এসময় মা বাধা দিতে এলে তিনিও মারাত্মক আহত হন।

আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই বাবার নাম আবদুল করিম (৬০)। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তার স্ত্রী মিনারা বেগম। তাদের ওপর হামলা চালিয়েছেন তাঁদের ছেলে রাহেল আহমদ (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বাড়ির সামনের কয়েকটি গাছ কাটতে যান রাহেল আহমদ। গাছ কাটতে নিষেধ করেন তাঁর বাবা আবদুল করিম ও মা মিনারা। এতে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে রাহেল তার মা ও বাবাকে কুপিয়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবদুল করিমকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য মিনারা বেগমকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পূর্ববর্তি সংবাদকরোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে যশোরে অভিনব পদ্ধতিতে বাজার সদাই
পরবর্তি সংবাদকরোনা: কাল থেকে ৪ লাখ মানুষকে খাদ্য দেবে দিল্লি সরকার