ব্রিটেনে করোনা বিস্তারের জন্য ইসকনের সমাবেশকে দায়ী করে তুমুল সমালোচনা

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে যখন তাবলিগ জামাতের সমাবেশকে করোনাভাইরাস সংক্রমণের অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হচ্ছে এমন সময় ব্রিটেনে করোনাভাইরাস বিস্তারের পেছনে হিন্দু গোষ্ঠী ইসকনের (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) পরোক্ষ ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন ধরে নানারকম সমালোচনা চলছে।  খবর বিবিসির।

জানা গেছে,  ইসকনেরই অনেক সদস্য নামে-বেনামে এই সময়ে এত বড় জমায়েত আয়োজনের জন্য গোষ্ঠীর নেতৃত্বের সমালোচনা করছেন।

খবরে বলা হয়েছে,  ব্যাপক সমালোচনার পর ইসকনের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে মার্চে এক সমাবেশে যোগ দেওয়া তাদের পাঁচজন সদস্য করোনাভাইরাসে মারা গেছেন। এখন পর্যন্ত কমপক্ষে ২১ জন আক্রান্ত হয়েছেন।

ইসকন ইউকে শাখার শীর্ষ কর্মকর্তা প্রাঘোসা দাসকে উদ্ধৃত করে গোষ্ঠীর প্রকাশনা ইসকন নিউজে বলা হয়েছে, মার্চের ১২ তারিখে লন্ডনের উপকণ্ঠে ইসকনের এক মন্দিরে তাদের একজন গুরুর শেষকৃত্য অনুষ্ঠানে তাদের প্রায় হাজার খানেক সদস্য হাজির ছিলেন।দুদিন পর ১৫ই মার্চ লন্ডনের কেন্দ্রে তাদের আরেকটি মন্দিরে শ্রুতিধর্ম প্রভু নামে প্রয়াত ঐ গুরুর স্নরণসভাতেও কয়েকশ মানুষ অংশ নিয়েছিলেন।

ইসকন স্বীকার করেছে এখন পর্যন্ত তাদের যে ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং যে পাঁচজন মারা গেছেন- তারা সবাই ঐ দুটো অনুষ্ঠানে শরীক হয়েছিলেন।

বলা হয়েছে – আক্রান্তদের মধ্যে বিভিন্ন বয়সী সদস্য রয়েছেন, তাদের অনেকের বয়স এমনকী ‘বিশ এবং তিরিশের কোটায়।’শেষকৃত্যে অংশ নেওয়া তাদের আরো সদস্য যে সংক্রমিত হয়ে থাকতে পারেন – সে আশঙ্কার কথা ইসকন কর্তৃপক্ষ উড়িয়ে দেননি।

তবে আক্রান্তের সংখ্যা কমপক্ষে একশ বলে সোশাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে যে দাবি করা হচ্ছে, তা প্রত্যাখ্যান করেছে ইসকন।

বর্তমানে তাবলিগ জামাতের সমাবেশকে করোনাভাইরাস সংক্রমণের অন্যতম কারণ বলায় ভারতের বেশ কিছু মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় ব্রিটেনে ইসকনের সমাবেশ নিয়ে ব্যাপক তর্ক-বিতর্ক শুরু হয়েছে।

এর আগে দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস ছড়ানোর জন্য প্রধানত শিনচিওঞ্জি চার্চ অব জেসাস নামে একটি খ্রিস্টান গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে। তাদের একজন নেতার শেষকৃত্যে অংশ নিয়েছিলেন কয়েক হাজার সদস্য, এবং বলা হচ্ছে সেখান থেকেই দক্ষিণ কোরিয়ায় সংক্রমণের সূত্রপাত।

পূর্ববর্তি সংবাদসমালোচানার মুখে জনগণকে লাঠিপেটা করা কাউন্সিলরের ক্ষমা প্রার্থণা
পরবর্তি সংবাদবিপর্যয়ের মুখেও ফিলিস্তিনিদের করোনা চিকিৎসায় বাঁধা দিচ্ছে দখলদার ইসরায়েল