চীনে কয়লা খনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ শ্রমিকের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কয়লা খনির ভেতরে কার্বন মনোঅক্সাইড ক্রিয়ায় ১৬ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আরও একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।

রোববার সকালের দিকে এ ঘটনা ঘটে বলে চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে। খনির ভেতরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ভয়াবহ মাত্রায় কার্বন মনোঅক্সাইডের উৎপন্ন হয়। এতে আটকা পড়া শ্রমিকদের মৃত্যু হয়। এতে গুরুতর আহত একজনকে বাঁচাতে চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে সিসিটিভি’র খবরে বলা হয়েছে।

ওই ঘটনার কারণ অনুসন্ধান চলছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন কিজিয়াং জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা। চোংকিং শহরের উপকণ্ঠে অবস্থিত সোংজাও নামে যে কয়লা খনিতে শ্রমিকদের এই মৃত্যু হয়েছে সেটি চীন সরকারের জ্বালানি বিভাগের মালিকায় বলে জানা গেছে।

চীনে খনিতে দুর্ঘটনা অনেকটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। খনিগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই।

গত ডিসেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইজু প্রদেশে এক খনিতে গ্যাস বিস্ফোরণে ১৪ জন শ্রমিকের মৃত্যু হয়। ২০১৮ সালে চোংকিংয়ে খনিতে এক দুর্ঘটনায় সাত শ্রমিকের মৃত্যু হয়। একই বছরের অক্টোবরে শানডং প্রদেশে একটি পাথরের খনিতে ২১ শ্রমিক প্রাণ হারান।

পূর্ববর্তি সংবাদএমসি কলেজে ধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান কঠোর: সেতুমন্ত্রী
পরবর্তি সংবাদধর্ষণে ছাত্রলীগের জড়িত থাকা নতুন নয়: ফখরুল