আল জাজিরার প্রতিবেদন হয় মিথ্যা প্রমাণ করুন, না হয় পদত্যাগ করুন: চরমোনাইর পীর

ইসলাম টাইমস ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে জড়িয়ে আল জাজিরায় যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা শিঁউরে ওঠার মতো। যে ধরনের অপরাধ চক্র গড়ে ওঠার দাবী সেই প্রতিবেদনে করা হয়েছে এবং সেখানে যাদের দিকে আঙ্গুল তোলা হয়েছে, তা রীতিমতো আতংক জাগানিয়া।

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, হয় আল জাজিরার বক্তব্য মিথ্যা প্রমাণ করুন, না হয় পদত্যাগ করুন।

শুক্রবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে  ‘বিজয় ও স্বাধীনতার ৫০ বছর; দুর্নীতিমুক্ত টেকসই উন্নয়ন ও নীতি নৈতিকতায় সমৃদ্ধ ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিবেদনের সব দাবীর যথার্থতা নিয়ে প্রশ্ন থাকলেও এর অনেক সমীকরণের বাস্তবতা আছে। বিশেষত বিগত দুই দুইটা জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট সমীকরণের বাস্তবতা দেশের মানুষ নিজ চোখেই দেখেছে।

তিনি বলেন, নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু সরকারগুলো হরহামেশাই নানা অপকৌশলে নাগরিকের ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ করে। যা স্পষ্ট স্বাধীনতার ধারনার সাথে সাংঘর্ষিক। আল-জাজিরায় প্রকাশিত রিপোর্টের ফলে সরকারের হুশ নেই। এধরণের একটি রিপোর্টে জাতি হিসেবে আমরা লজ্জিত ও অপমানিত। দেশের মান মর্যাদা বলতে কিছুই বাকি নেই। বিশ্বে আমাদের চরমভাবে হেয় করা হয়েছে।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। মানুষের নাগিরক ও ভোটাধিকার হরণ করা হয়েছে।

তিনি বলেন, সরকার নির্বাচন কমিশনের মত একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। চট্টগ্রাম সিটি নির্বাচন, পৌরসভা নির্বাচনে জাতি আবারো অবাক বিস্ময়ে দেখেছে, সরকারদলীয় সন্ত্রাসীরা কিভাবে ভোট দিয়েছে।

এছাড়াও বিশ্ব হিজাব দিবসে নারীদের হিজাব পড়ায় উদ্ধুদ্ধ করতে ঢাবি ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাঁধা ও হামলার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানান তিনি।

তিনি বলেন, জাতি হিসেবে ধর্ম কর্ম পালন এবং স্বাধীনভাবে বসবাসের অধিকার সকলেরই আছে। এক্ষেত্রে হস্তক্ষেপ মেনে নেয়া যায় না।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও আলহাজ্ব আমিনুল ইসলাম।

ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মাহনগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। দক্ষিণ সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া ও উত্তর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আলহাজ্ব আব্দুর রহমান, ছাত্রনেতা নূরুল করীম আকরাম, নগর নেতা আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল আউয়াল মজুমদার, নূরুল ইসলাম নাঈম, ডা. শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মাওলানা আব্দুর রাজ্জাক, এড. শওকত আলী হাওলাাদর, ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইব্রাহিম, মাওলানা ইউনুছ ঢালী, শিক্ষকনেতা আব্দুস সবুর প্রমুখ।

-এসএন

পূর্ববর্তি সংবাদদখলদার ইসরাইলিদের গুলিতে নয় দিনে ৩ ফিলিস্তিনি শহীদ
পরবর্তি সংবাদকুমিল্লায় ১৬৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার ৪