ইসলাম টাইমস ডেস্ক : সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানের চালকসহ তিনজন মারা গেছে। শনিবার ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের একটি ওভারব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল হামিদ বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পিকআপভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে পিকআপটি রাস্তার উপর পড়ে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিন যাত্রীর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। লাশগুলো সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
















