‘প্লাস্টিকের চাল’ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান গাইবান্ধা ডিসির

ইসলাম টাইমস ডেস্ক: ‘প্লাস্টিকের চাল’ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুল মতিন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি   ‘প্লাস্টিকের চাল’ জব্দ করার ঘটনার ব্যাখ্যা দিয়ে বলেন, গাইবান্ধা শহরের নতুন বাজারের একটি দোকান থেকে প্লাস্টিকের চাল সন্দেহবশত আটক করার পর তা প্রাথমিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় প্রতীয়মান হয়েছে, চালের ভাত স্বাভাবিক চালের মতো। উদ্ধার করা চাল প্লাস্টিকের চাল নয়। এ চাল নিম্নমানের কিংবা ভেজাল হতে পারে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

গাইবান্ধায় ‘প্লাস্টিক চাল’ সন্দেহে জব্দ করা চাল নিয়ে আজ মঙ্গলবার বিভিন্ন মিডিয়া ও পত্রিকায় খবর প্রকাশিত হয়। এ সম্পর্কে গণমাধ্যমকে জানাতে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ডিসি আবদুল মতিন। সম্মেলনে জেলা প্রশাসক চাল সম্পর্কে ব্যাখ্যা দেন।

জেলা প্রশাসক বলেন, জব্দ করা চাল প্লাস্টিকের কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ভোক্তা সংরক্ষণ ঢাকা প্রধান কার্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

এ সময় গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তোফায়েল হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. শওকত ওসমান, জেলা মার্কেটিং কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদপঞ্চগড়ে কাদিয়ানি ইজতেমার প্রস্তুতি, ক্ষুব্ধ এলাকাবাসী
পরবর্তি সংবাদচট্টগ্রামে দুর্নীতির অভিযোগে কাস্টমস কর্মকর্তা স্ত্রীসহ কারাগারে