নো-ম্যান্স ল্যান্ডে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ফাঁকা গুলি, আতঙ্কে রোহিঙ্গারা

ইসলাম টাইমস ডেস্ক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষ‌ণের খবর পাওয়া গে‌ছে। উপজেলার তমব্রু সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে এই ঘটনা ঘটে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রায় আধা ঘণ্টাব্যাপী থেমে থেমে সীমান্তের কয়েকটি পোস্ট থেকে তারা এই ফাঁকা গুলি ক‌রে। গু‌লির শব্দে সেখানে অবস্থানরত রোহিঙ্গারা আতঙ্কিত হয়ে পড়ে।

এদিকে ঘটনার পর থে‌কে সীমা‌ন্তে বাড়তি সতর্কতার জন্য বিজিবির টহল জোরদার করা হ‌য়ে‌ছে।

ঘুমধুম ইউনিয়নের ইউপি সদস্য দিল মোহাম্মদ ভুট্টো ও আবদুল গফুর জানান, ‘ভোরে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড এলাকায় বিজিপি কয়েকটি অস্থায়ী পোস্ট ও ক্যাম্প থেকে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি করে। এতে সীমান্তের স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

এ বিষ‌য়ে জান‌তে বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পূর্ববর্তি সংবাদপ্রশ্নপত্রের ভুলের জন্য যশোর বোর্ডের আইসিটি পরীক্ষা বাতিল
পরবর্তি সংবাদমন্ত্রী হিসেবে সড়ক দুর্ঘটনা বৃদ্ধির দায় এড়াতে পারি না : ওবায়দুল কাদের