ইসলাম টাইমস ডেস্ক: এ পর্যন্ত ৩ হাজার ১০৭ জনের ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তবে যাদের গেজেট ও সনদ বাতিল করা হয়েছে, তাদের নামের তালিকা সংসদে উপস্থাপন করা হয়নি। এ ছাড়া গত ১০ বছরে বাদ পড়া ৪ হাজার ১৮৮ জন মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্তির জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি।
এসময় জিয়াউর রহমানের কবরসহ জাতীয় সংসদের ‘মূল নকশার বাইরে’ যেসব স্থাপনা রয়েছে, তা অপসারণ করতে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সঙ্গত, গত নবম ও দশম জাতীয় সংসদের একাধিক বৈঠকে জাতীয় সংসদ চত্বর থেকে জিয়াউর রহমানের কবরসহ লুই আই কানের নকশাবহির্ভূত যেসব স্থাপনা রয়েছে তা সরানোর বিষয়ে কথা ওঠে। এরই প্রেক্ষিতে গণপূর্ত মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয় উদ্যোগী হয়ে যুক্তরাষ্ট্র থেকে লুই কানের মূল নকশা সংগ্রহ করে। তবে ২০১৬ সালের ডিসেম্বরে নকশা আনা হলেও গত আড়াই বছরে নকশাবহির্ভূত কোনও স্থাপনা সরানোর উদ্যোগ দেখা যায়নি।
















