ইসলাম টাইমস ডেস্ক: অবৈধভাবে ইসরায়েল প্রতিষ্ঠার মধ্যদিয়েই বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন।
ফিলিস্তিনের দাবি সামনে আনতে হবে জানিয়ে মাহাথির মোহাম্মাদ বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিষয়টিকে ভুলিয়ে দেয়ার সর্বাত্মক চেষ্টা চলছে, কিন্তু তা সফল হতে দেয়া যাবে না। তিনি বলেন, এমন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে; যেন ফিলিস্তিনে কিছুই ঘটেনি, যেন ফিলিস্তিনি ভূখণ্ড দখলের মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়নি।
মাহাথির আরো বলেন, ‘ফিলিস্তিনিদের প্রতিবাদের সূচনা হয়েছে অবৈধ দখলদারিত্বের কারণেই। সন্ত্রাসবাদের মূল উৎপাটনের জন্য আমাদেরকে এর মূল কারণ খুঁজে বের করতে হবে। আর মূল কারণ হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল।’
















