ইসলাম টাইমস ডেস্ক: স্বয়ং সরকারই রাজনৈতিক স্বার্থে রোহিঙ্গাদেরকে ইন্ধন যোগাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়।
আজ শনিবার (৩১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ আয়োজিত ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘রোহিঙ্গাদের ইন্ধন দিচ্ছে কারা’- পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘রোহিঙ্গাদের ইন্ধন দিচ্ছে সরকার। যদি ইন্ধন না দেয় তাহলে লাখ লাখ রোহিঙ্গা সমবেত হয়ে সমাবেশ করে কীভাবে? বাংলাদেশে রাজনৈতিক দলগুলোকে যেখানে সভা-সমাবেশ করতে দেন না। সেখানে উন্মুক্ত ময়দানে রোহিঙ্গারা সমাবেশ করছে। সেখানে আমি তো মনে করি, সরকারের ইন্ধন রয়েছে।’
জাতীয় ঐক্য সৃষ্টি করে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে উল্লেখ করে গয়েশ্বর রায় বলেছেন, আর এই উদ্যোগটা সরকারকে নিতে হবে। বলা হচ্ছে- রোহিঙ্গারা যেতে চায় না। কেন যেতে চায় না। ওই যে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, ইন্ধন। যদি তারা চলে যায়, তাহলে আপনি তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারবেন না। আর তাদের রেখে যদি জাতীয় সংকট সৃষ্টি করতে চান তাহলে সেটা অন্য কথা।’
কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বের হয়ে যাওয়ার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘নিজের স্বার্থেই কাদের সিদ্দিকী ঐক্যফ্রন্ট থেকে বের হয়েছেন। এটা জানি, আপনার রাজনৈতিক স্বার্থ বিবেচনায় ফ্রন্টে এসেছিলেন। আর স্বার্থ বিবেচিত হয়নি বলেই সেখান থেকে ফেরত গেছেন। এটা অস্বাভাবিক কিছু না। তা বোঝার মতো সক্ষমতা জনগোষ্ঠীর আছে।’
















