লিসানুল হক শাহরুমী ।।
ইসলাম টাইমস-এর আত্মপ্রকাশের আগে মুহতারাম অগ্রজ ও অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মদ সাহেব ম্যাসেজে পোর্টালটির বিষয়সূচি নিয়ে কিছু প্রস্তাব চেয়েছিলেন৷ তৎক্ষণাৎ আমার যা খেয়ালে এসেছিলো তা ব্যক্ত করেছিলাম৷ শুরু থেকেই আমার আত্মবিশ্বাস ছিলো যে, একজন যুগসচেতন ও দীর্ঘদিনের অভিজ্ঞ আলেম-সাংবাদিক যদি এর পেছনে থাকেন তাহলে নিশ্চয় অনলাইন মিডিয়ায় অল্প সময়ে পাঠকদের মনে জায়গা করে নিতে পারবে ইসলাম টাইমস৷
সাংবাদিকতায় স্বচ্ছতা ও শরীয়তের বিধানের ভিতরে থেকে কাজ করা অত্যন্ত সুকঠিন কাজ৷ অপসাংবাদিকতার এ যুগে ইসলামী ঘরানার সাংবাদিক ও সংবাদপত্রের বড়ই দুর্দিন চলমান৷ তবু ইসলামী ঘরানার কিছু মানুষ সাহস করে এগিয়ে যাচ্ছেন এটা আমাদের জন্যে বড় ইতিবাচক দিক৷ আমি নিয়মিত পাঠের সুযোগ না পেলেও অধিকাংশ সময় ইসলাম টাইমসের সযত্ন পাঠ আমার অভ্যাস৷ আলহামদুলিল্লাহ ইতোমধ্যে ইসলাম টাইমস অনলাইনের সুশীল পাঠকদের প্রিয় একটি ইলেক্ট্রনিক মিডিয়া হিসেবে ভূয়সী প্রশংসা পেয়েছে৷ তবে এখনও অনেক বিষয় বাকি আছে যা ইসলাম টাইমসের আওতাভুক্ত হয়নি বা হতে পারে নি৷ আমাদের প্রত্যাশা, অদূর ভবিষ্যতে সেসব বিষয়, যা সভ্য পরিবার, সভ্য সমাজ ও সভ্য পৃথিবী বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে এরকম কিছু বিষয় ইসলাম টাইমসে যুক্ত হবে৷
অনলাইন সাংবাদিকতায় জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদগুলো কে কার আগে প্রকাশ করবে এ নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলে৷ আশা করি এই প্রতিযোগিতায় ইসলাম টাইমস আরও অগ্রসর ভূমিকা পালন করবে৷ একটি পত্রিকা দ্রুত খুব সহজে স্থিরভাবে দাঁড়াতে পারে না৷ প্রতিষ্ঠা পেতে দীর্ঘ সময় লাগে৷ এরজন্যে প্রচুর জনবল ও আর্থিক বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ৷ হালাল বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন নিয়ে সহযোগিতায় এগিয়ে এলে আশা করি ইসলাম টাইমসের ভবিষ্যৎ পথচলা আরও সহজ ও সুগম হবে৷ ইসলাম টাইমস-এর পুরো পরিবারের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা ও সশ্রদ্ধ সালাম৷
লেখক: মুহাদ্দিস, কলামিস্ট
















