ইসলাম টাইমস ডেস্ক: বরিশালে দলের এক সমাবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে করা মন্তব্যের ব্যাখ্যা জানতে চেয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননেকে চিঠি দিল ১৪ দল।
আজ বৃহস্পতিবার রাতে ধানমণ্ডির আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের বাসভবনে ১৪ দলীয় জোটের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ সংক্রান্ত একটি চিঠি রাশেদ খান মেননের কাছে পাঠানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।
বৈঠকে রাশেদ খান মেননের সাম্প্রতিককালে বরিশালে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচন নিয়ে করা এক মন্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ১৪ দলের বৈঠকে সর্বসম্মিতক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, মেনন যে বক্তব্য প্রদান করেছেন, তার ব্যাখ্যা চাওয়ার চিঠি প্রেরণ করা হবে। পরে রাতেই চিঠি মেননের কাছে পাঠানো হয় বলে জানা গেছে।
















